ঠাকুরের আদরের রাখাল, স্বামীজীর ‘অভিন্নহৃদয়েষু রাজা’ ১৯১৫-তে ভদ্রক
[পূর্বানুবৃত্তি : ফাল্গুন সংখ্যার পর]।।২।। শিবভাবে বিভবে ঠাকুরের আদরের রাখাল, স্বামীজীর ‘অভিন্নহৃদয়েষু রাজা’ ১৯১৫-তে ভদ্রক থেকে এক পত্রে লিখছেন : “শেষ জীবনটা ৺কাশী বাস করিয়া কাটাইব, ইহাই আমার এখন ইচ্ছা।”৩৭ খোকা মহারাজ প্রথম জীবনে বরানগর মঠে যোগদানের পূর্বে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে পায়ে হেঁটে কাশীধামে এসেছিলেন এবং গঙ্গাস্নান করে অন্নপূর্ণা-বিশ্বনাথ দর্শন করেছিলেন। তিনি তাঁর এক দর্শনের কথা বলেছেন—কাশীর গঙ্গার ওপর দিয়ে তিনি যেন হেঁটে যাচ্ছেন, মাঝগঙ্গায় পৌঁছে দেখেন উজ্জ্বল গৌরবর্ণা স্ত্রীমূর্তি—মা গঙ্গা।৩৮ স্বামী অন্নদানন্দ লিখিত স্বামী অখণ্ডানন্দ গ্রন্থ অনুসারে—‘গঙ্গাধর আবাল্য শিবভাবের সাধক’। গঙ্গাধর মহারাজ শ্রীশ্রীমায়ের এক তিথিপূজার রাতে বাঁয়ার তালে তালে শিবের গান ধরলেন। মুখে মধুর হাসি, চুল জটার মতো অবিন্যস্ত দুলছে। মাথা ঢলে ঢলে পড়ছে, দৃষ্টি অর্ধনিমীলিত। যেন শিবের ভাবে বিভোর, অপূর্ব দিব্যমূর্তি!৩৯ শরৎ মহারাজ কাশীবাসকালে নিত্য গঙ্গাস্নান ও বিশ্বনাথ দর্শন করতেন। দর্শনকালে বিশ্বনাথের মন্দিরে শিকল ধরে টানা প্রভৃতি যেসকল লোকাচার অনেকের কাছে কুসংস্কার বলে প্রতীয়মান, তা তিনি নিষ্ঠাভরে পালন করতেন। এপ্রসঙ্গে জিজ্ঞাসিত হয়ে তিনি বলেন : “কি করিলে যে ভগবানে ভালবাসা দেখান যায় তাহা তো আমি বুঝি না।… ভগবানে ভক্তি-লাভের জন্য যাহা সকলে কুসংস্কার বলিয়া থাকে তাহার অনুষ্ঠান করিলেও হানি নাই বলিয়াই আমার বিশ্বাস।”৪০ লাটু মহারাজ শেষজীবনে কাশীবাসকালে নিজে অপারক হলেও ভক্তদের রোজ শিবদর্শন ও গঙ্গাস্নান করতে বলতেন। নিজে বৈশাখ মাসে প্রত্যহ গঙ্গাস্নান, বেলপাতায় রামনাম লিখে ফল-মিষ্টি নিয়ে বিশ্বনাথ-দর্শনে যেতেন, অন্নপূর্ণা-মন্দিরে প্রণাম ও জপে কাটাতেন কিছুক্ষণ। খুব নির্জন বলে মহারাজের পছন্দের ছিল তিলভাণ্ডেশ্বর, একবার বলেছিলেন : “কোথায় ঘোরাঘুরি করবি? এই ত সাক্ষাৎ ৺বিশ্বনাথ।” বিশ্বনাথ, অন্নপূর্ণা, ঢুণ্ঢিরাজ গণেশ, মহাবীর—সকলকে মালপো, লুচি, মিষ্টি ইত্যাদি ভোগ দিতেন প্রতি শিবরাত্রিতে উপবাস করে—ব্যত্যয় হয়েছিল শুধু শরীরত্যাগের আগের বছর। সেবারে তিলভাণ্ডেশ্বর দর্শন করে অসুস্থ শরীরে পূজান্তে সামান্য জল খেয়েছিলেন।৪১ জমিদার বংশে প্রতিপালিত, গৃহত্যাগী সন্ন্যাসী যোগেন মহারাজ ১৮৯১-এ বারাণসীধামে নির্জন বাগানে একটি ছোট কুটিরে অধিকাংশ সময় ধ্যানে অতিবাহিত করতেন। দিনে একবার হতো ভিক্ষালব্ধ আহার, কখনো বা জলে ভেজানো শুকনো...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
