বার্ধক্য মানেই ধীর গতি—এই প্রচলিত ধারণাকে নতুন করে ভাবাচ্ছে সাম্প্রতিক

বার্ধক্য মানেই ধীর গতি—এই প্রচলিত ধারণাকে নতুন করে ভাবাচ্ছে সাম্প্রতিক এক গবেষণা। যে-প্রবীণেরা এখনো দ্রুত, স্বচ্ছন্দ ও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন, গবেষকেরা তাঁদের নাম দিয়েছেন ‘সুপার মুভার’। Neurology পত্রিকায় প্রকাশিত এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে, হাঁটার গতি কেবল শারীরিক সক্ষমতারই নয়, বরং মস্তিষ্কের সুস্থতা ও দীর্ঘায়ুরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে। স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ-বিশেষজ্ঞ ডাঃ জো ভার্ঘিস এবং তাঁর সহকর্মীরা প্রবীণদের নিয়ে দীর্ঘমেয়াদি এক গবেষণা চালান। অংশগ্রহণকারীদের হাঁটার গতি, স্মৃতিশক্তি-সহ বিভিন্ন ‘কগনেটিভ পারফর্ম্যান্স’ বা জ্ঞান আহরণের ‌ক্ষমতা ইত্যাদির নিয়মিত মূল্যায়ন করা হয়। MRI-এর মাধ্যমে মস্তিষ্কের গঠন, বিশেষত ‘হিপোক্যাম্পাস’-এর আয়তনের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা যায়, যাঁদের হাঁটার গতি বার্ধক্যেও অক্ষুণ্ণ ছিল, তাঁদের হিপোক্যাম্পাসের কয়েকটি নির্দিষ্ট অংশের আয়তন (hippocampal volume) তুলনামূলকভাবে ভালভাবে সংরক্ষিত ছিল। একইসঙ্গে তাঁদের ‘ডিমেনশিয়া’ হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম ছিল (hazard ratio 0.46)। এছাড়াও আগের গবেষণাগুলিতে দেখা গেছে, সুপার মুভারদের বয়স (biological age) সাধারণত প্রকৃত বয়সের তুলনায় কম হওয়ার প্রবণতা থাকে। ডাঃ ভার্ঘিসের মতে, দ্রুত হাঁটার ক্ষমতা কেবল পেশিশক্তির পরিচায়ক নয়; এটি হৃদ্‌যন্ত্র, পেশি, স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের সমন্বিত কার্যকারিতার সুস্থতারও একটি নির্ভরযোগ্য সূচক। তাই বার্ধক্যে সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে চাইলে অল্প বয়স থেকেই নিয়মিত দ্রুত হাঁটার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। গবেষকদের মতে, দ্রুত হাঁটার সক্ষমতা বার্ধক্যে মস্তিষ্কের সুস্থতা ও ডিমেনশিয়ার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এই সম্পর্কের কারণ ও কার্যপ্রণালী আরো স্পষ্টভাবে বোঝার জন্য ভবিষ্যতে বৃহত্তর পরিসরে গবেষণার প্রয়োজন রয়েছে। মনে রাখা প্রয়োজন, সবার শারীরিক সক্ষমতা এক নয়। হৃদ্‌রোগ, হাঁটু বা কোমরের সমস্যা, স্নায়বিক জটিলতা কিংবা অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকলে দ্রুত হাঁটার অভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাঁটার সময় ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই শ্রেয়। [সূত্র: Neurology (American Academy of Neurology), vol. 107, no. 1, 2026]

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in