১৮৬১ সালের ফেব্রুয়ারি মাস। একদিন সকালবেলা দক্ষিণেশ্বর কালীবাড়ির

শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ ১৮৬১ সালের ফেব্রুয়ারি মাস। একদিন সকালবেলা দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তরদিকের নহবত-সংলগ্ন বকুলতলার ঘাটে একটি ছোট নৌকা এসে লাগল। নৌকা থেকে নামলেন ভৈরবীবেশধারিণী পরম শ্রীময়ী এক রমণী। বয়স চল্লিশের কাছাকাছি, উজ্জ্বল গৌরবর্ণা, আলুলায়িতকুন্তলা। পরনে গেরুয়াবসন, গলায় রুদ্রাক্ষমালা, একহাতে একটি খুঙ্গি (পূজোপকরণ ও বস্ত্ররক্ষার জন্য তালপাতার ক্ষুদ্র পেটিকা), অন্যহাতে বেশ কিছু বস্ত্রাবৃত পুঁথি।১ নৌকা থেকে অবতরণ করে তিনি দক্ষিণেশ্বর ঘাটের চাঁদনির দিকে এগিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ তখন কালীবাড়ির পোস্তার ধারে বাগানে পূজার ফুল তুলছিলেন। নিকট আত্মীয়কে দেখলে লোকে যেমন বিশেষ টান অনুভব করে, ভৈরবীকে দেখে তাঁর সেরূপ অনুভব হলো। তিনি নিজের ঘরে ফিরে এসে ভাগনে হৃদয়কে বললেন চাঁদনি থেকে ঐ ভৈরবীকে তাঁর কাছে নিয়ে আসতে। হৃদয় ইতস্তত করে বললেন : “রমণী অপরিচিতা, ডাকিলেই আসিবে কেন?” উত্তরে ঠাকুর বললেন : “আমার নাম করিয়া বলিলেই আসিবে।” অপরিচিতা এক সন্ন্যাসিনীর সঙ্গে আলাপ করার জন্য মামার আগ্রহ দেখে হৃদয় অবাক হয়েছিলেন নিশ্চয়, কারণ ঠাকুরকে এমন আচরণ করতে হৃদয় আগে কখনো দেখেননি। মামার কথা অগ্রাহ্য করার কোনো উপায় নেই দেখে হৃদয় চাঁদনিতে গিয়ে দেখলেন, ভৈরবী সেখানে বসে আছেন। হৃদয় তাঁকে সম্বোধন করে বললেন তাঁর মামা ঈশ্বরভক্ত, তাঁকে দেখতে চান। ভৈরবী একথা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তাঁর সঙ্গে যেতে উদ্যত হলো দেখে হৃদয় আরো অবাক। ঠাকুরের ঘরে এসে তাঁকে দেখেই ভৈরবী আনন্দে ও বিস্ময়ে অভিভূত হয়ে সজলনয়নে বলে উঠলেন : “বাবা, তুমি এখানে রহিয়াছ! তুমি গঙ্গাতীরে আছ জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম, এতদিনে দেখা পাইলাম!” ঠাকুর জিজ্ঞাসা করলেন : “আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে, মা?” ভৈরবী বললেন : “তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে, একথা ৺জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। দুইজনের দেখা পূর্ব (বঙ্গ) দেশে পাইয়াছি, আজ এখানে তোমার দেখা পাইলাম।”২ পূর্বপরিচয় সম্ভবত ১৮২০-২১ সালের কোনো এক সময় তৎকালীন পূর্ববঙ্গের যশোহর জেলার মল্লিকপুর গ্রামে ভৈরবী ব্রাহ্মণীর জন্ম হয়। মল্লিকপুর বর্তমান বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত। গ্রামটি বহু পূর্ব থেকেই প্রথিতযশা...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in