আচার্য শঙ্কর শুধু তো প্রস্থানত্রয়ের পাণ্ডিত্যপূর্ণ এবং ব্যাকরণের সূত্রকণ্টকিত ভাষ্যরচনা

উদ্বোধন-এর গত বৈশাখ ১৪৩৩ সংখ্যায় আর্য লাহিড়ীর ‘ভারতের ঐক্যসাধক শঙ্করাচার্য’ প্রবন্ধটি পাঠ করে অত্যন্ত পরিতৃপ্ত হয়েছি। আচার্য শঙ্কর তাঁর নাতিদীর্ঘ জীবৎকালে যে অমূল্য সাংস্কৃতিক ও দার্শনিক উত্তরাধিকার আমাদের জন্য রেখে গেছেন, তা তুলনারহিত। নিবন্ধকার অনায়াস সাবলীলতায় তুলে ধরতে পেরেছেন অদ্বৈতবেদান্তদর্শনের এই মহাভাষ্যকারের মহাজীবনকে। অথচ বিষয়বস্তুর গভীরতা কখনো তারল্যদোষে দুষ্ট হয়নি। আচার্য শঙ্কর শুধু তো প্রস্থানত্রয়ের পাণ্ডিত্যপূর্ণ এবং ব্যাকরণের সূত্রকণ্টকিত ভাষ্যরচনা করেননি—রচনা করেছেন উত্তরকালের জন্য এক অপরূপ জীবনভাষ্য। কাল থেকে কালান্তরে তা মানুষকে অনুপ্রাণিত করেছে আত্মবস্তুর অন্বেষণে। কোথা থেকে আমরা এলাম, কেন এলাম, কীভাবে এই জীবন অতিবাহিত করলাম আর কী করা উচিত ছিল—এমন মৌলিক প্রশ্নের এত নির্ভুল ও অমোঘ সমাধান বিশ্বের আর কোনো দার্শনিকের কাছ থেকে এসেছে কি না সন্দেহ। ‘অধ্যাসভাষ্য’-এ জগদ্গুরু শঙ্করাচার্য সাধারণ মানুষের জীবনে অধ্যাস বা ভ্রমের পরম্পরা নির্দেশ করেছেন এই ক্রমানুসারে—সত্যানৃতে মিথুনীকরণ➡ বিবেকাগ্রহ➡ অধ্যাস➡ লোকব্যবহার। এই অলাতচক্রেই আজ ঘূর্ণায়মান আমাদের জীবন। আমরা ‘শ্রেয়’কে ছেড়ে মেতেছি ‘প্রেয়’র সাধনায়। তাই বিশ্বব্যাপী আজ এত অশান্তি, এত হিংসা, মানুষের জীবন অহরহ চাপা পড়ছে বস্তুর স্তূপে। কোথাও মিলছে না যন্ত্রণাহর কোনো শান্তিজল। অদ্বৈতবেদান্তদর্শনের শাঙ্করভাষ্য তাই বৃহত্তর অর্থে শুধু ধর্মজিজ্ঞাসুর সাধনপথের সহায়ক নয়—আমাদের আত্মাবলোকনেরও এক সুচারু দর্পণ। আজ গোটা ভারতবর্ষ এবং বহির্বিশ্ব শঙ্করাচার্যকে শুধু অদ্বৈতবেদান্তের ভাষ্যকার বলেই সশ্রদ্ধ প্রণতি জানায় না—শ্রদ্ধাবনত হয় এক বিরাট ঐক্যসংস্থাপক মহাজীবনের সামনেও। আন্তর-ঐক্যসাধনের যতগুলি ইতিবাচক সূত্র হতে পারে, তার প্রায় সবগুলিই রূপায়িত হয়েছে তাঁর জীবনে, সৃজনে এবং সাংগঠনিক শক্তিতে। রজ্জুতে সর্পভ্রম বা শুক্তিতে রজতভ্রম করে চলা মানুষকে আজও তিনি দিয়ে চলেছেন ‘পরম’-এর সন্ধান। অনাগতকালেও কোনোভাবে অপ্রাসঙ্গিক হবে না এই মহত্তর জীবনবোধ।আর্য লাহিড়ী তাঁর নিবন্ধে আমাদের বিন্দুতে সিন্ধুর আস্বাদ দিয়েছেন। তাঁর শক্তিশালী লেখনীর পরিচয় ইতিপূর্বেই পেয়েছি কয়েক মাস আগে ‘আপনাকে চিন্‌তে পারলে’ নিবন্ধে (উদ্বোধন, মাঘ ১৪৩২)। তাঁর কাছে আমাদের প্রত্যাশা ক্রমবর্ধমান। এইসঙ্গে একটি বিনীত অনুরোধ—আগামী দিনে উদ্বোধন-এর পৃষ্ঠায় নিয়মিতভাবে একটি বিভাগ কি আমরা আশা করতে পারি না, যেখানে অদ্বৈতবেদান্তের বিভিন্ন দিক নিয়ে সহজবোধ্য...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in