রামায়ণ-এর সূচনা কোনো রাজপ্রাসাদে নয়, প্রকৃতির নীরব কোলে। নিরীহ

রামায়ণ-এর সূচনা কোনো রাজপ্রাসাদে নয়, প্রকৃতির নীরব কোলে। নিরীহ ক্রৌঞ্চ পাখির মৃত্যুবেদনা ও তার সঙ্গিনীর করুণ আর্তনাদে ঋষি বাল্মীকির হৃদয় বিদীর্ণ হয়েছিল। সেই বেদনাই ভাষা খুঁজে নেয় ছন্দের পথ, আর অনাবিল মানবিকতায় উচ্চারিত হয়—‘মা নিষাদ।’১ এই শোকগাথাই মানবসভ্যতার প্রথম শ্লোক, প্রথম কাব্য। অন্তরের এই গভীর যন্ত্রণা থেকেই জন্ম নেয় এমন এক মহাকাব্য, যেখানে রাজা ও বীরের সঙ্গে সমান গুরুত্বে উপস্থিত বনভূমি, নদী, পর্বত, পশু ও পাখি। প্রকৃতির প্রতি মমত্ববোধে যে-কাব্যের জন্ম, তার অন্তঃস্রোতে সহানুভূতি ও সহাবস্থানের বাণী অনিবার্য। তাই এই গ্রন্থ কেবল ইতিহাস নয়—এ এক মানবিক সংবেদনশীলতার চিরন্তন মহাকাব্য। রামায়ণ শুধু মানুষের বীরত্বগাথা নয়; এই মহাকাব্যে পশু-পাখিরাও সমানভাবে বলিষ্ঠ ও স্মরণীয় চরিত্র হিসাবে উপস্থিত। তারা শুধু পটভূমির অংশ নয়, বরং কাহিনির গতিপথ নির্ধারণে সক্রিয় অংশগ্রহণকারী। জটায়ু ও সম্পাতির আত্মত্যাগ, হনুমানের অতুলনীয় সাহস ও নিষ্ঠা, বালি-সুগ্রীব-অঙ্গদের জটিল সম্পর্ক, নল ও নীলের প্রকৌশলী দক্ষতা কিংবা ভল্লুকরাজ জাম্ববানের প্রজ্ঞা—এইসব কিছু মহাকাব্যের মানবিক ও নৈতিক বিস্তারকে আরো গভীর করে তোলে। এমনকী সমুদ্রের বুকে রামসেতু নির্মাণে যে ছোট্ট কাঠবিড়ালীর নিষ্ঠা ও শ্রমের কথা বলা হয়েছে, তাও এই মহাকাব্যের মূল্যবোধকে স্পষ্টভাবে তুলে ধরে। সমস্ত দৃষ্টান্ত মিলিয়ে রামায়ণ আমাদের সামনে এক গভীর সত্য উন্মোচিত করে—মানুষ, পশু ও প্রকৃতি আলাদা সত্তা নয়; তারা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এই পরিসরে আমরা সেইসব পশু-পাখি চরিত্রের আলোকে সম্পর্কগুলিকে অনুসন্ধান করব, যাদের উপস্থিতি এই মহাকাব্যকে শুধু বীরগাথা নয়, বরং এক সম্পূর্ণ জীবনদর্শনে পরিণত করেছে। রামায়ণ-এ চিত্রকূট ‘মহাবন’ হলেও তা ভয়ংকর অরণ্য নয়; বরং এক পবিত্র ও আধ্যাত্মিক ভূমি, যেখানে প্রকৃতি ও সাধনা পরস্পরের সহচর। এই কারণেই মহর্ষি ভরদ্বাজ বনবাসের সূচনায় রামকে চিত্রকূটে আশ্রয় নিতে বলেন। বাল্মীকির ভাষায় এই অরণ্য ‘রম্য’ ও ‘তীর্থ’—সৌন্দর্য ও পুণ্যের মিলনভূমি। চিত্রকূট পর্বত ও মন্দাকিনী নদীকে ঘিরে গড়ে উঠেছিল এক সজীব ও ভারসাম্যপূর্ণ বাস্তুজগৎ। এখানে হাতি, হরিণ, বানর, ভল্লুক, বাঘ ও চিতার সহাবস্থান অরণ্যের স্বাভাবিক ছন্দকে প্রকাশ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in